
জয়পুরহাটে স্ত্রীর সঙ্গে অভিমান করে নিজের গোপনাঙ্গ কেটে আত্মহত্যার চেষ্টা করেছেন শাকিব নামের এক যুবক।
শুক্রবার (৬ মার্চ) দুপুরে সদর উপজেলার দক্ষিণ বিল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত শাকিব পেশায় একজন রংমিস্ত্রি। তার স্ত্রী সুইটি জর্ডান প্রবাসী। বর্তমানে শাকিবকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, তিন বছর আগে দুই পরিবারের সিদ্ধান্তে বিয়ে করেন শাকিব ও সুইটি। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে এক লাখ টাকা খরচ করে সুইটিকে জর্ডানে পাঠানো হয়। সেখানে তিনি গার্মেন্টসকর্মী হিসেবে কাজ শুরু করেন। কিন্তু বিদেশে যাওয়ার পর থেকে স্বামীর কাছে কোনো টাকা পাঠাননি সুইটি। উল্টো ফোনে যোগাযোগ কমিয়ে দেন। সম্প্রতি তিনি শাকিবকে অন্যত্র বিয়ে করার পরামর্শ দিয়ে যোগাযোগ পুরোপুরি বন্ধ করে দেন।
শাকিবের ফুপু খতেজা বেগম ও রোকেয়া বেগম বলেন, ‘স্ত্রীর এমন আচরণে হতাশায় ভুগছিলেন আমাদের ভাতিজা শাকিব। শুক্রবার জুমার নামাজের সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে সে এই ভয়ংকর কাণ্ড ঘটায়।’
জয়পুরহাট ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের চিকিৎসক আলমগীর হোসেন জানান, রোগী তার স্বীকারোক্তিতে জানিয়েছেন, ব্যক্তিগত কারণে তিনি নিজেই তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন। প্রাথমিক চিকিৎসা নিশ্চিত করে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী হাসপাতালে রেফার করা হয়।











































