
ভিত্তিহীন অভিযোগের ওপর ভর করে ইরান হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, সৌদি ভূখণ্ড থেকে যুদ্ধবিমান ও রিফুয়েলিং বিমান সরাসরি যুদ্ধে অংশ নিচ্ছে বলে ছড়িয়ে পড়া অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা।
সোমবার (০৯ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এমন অভিযোগ করা হয়েছে যে সৌদি আরব থেকে যুদ্ধবিমান ও জ্বালানি সরবরাহকারী বিমান উড়ে গিয়ে যুদ্ধে অংশ নিচ্ছে। এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। আগেও বিষয়টি সম্পর্কে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের আকাশে যে বিমান টহল দিচ্ছে সেগুলো কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে।
এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান উপসাগরীয় আরব দেশগুলোর কাছে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, যদি ওই দেশগুলো থেকে ইরানের বিরুদ্ধে কোনো হামলা না হয়, তাহলে তেহরান তাদের প্রতিবেশী দেশগুলোর ওপর আর হামলা চালাবে না। তবে সৌদি আরব বলেছে, ইরানের সেই বক্তব্য বাস্তবে প্রতিফলিত হয়নি। বরং তারা একই ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলে হামলা চালিয়ে যাচ্ছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, ইরানের অব্যাহত হামলা পরিস্থিতিকে আরও উত্তেজনাপূর্ণ করে তুলছে এবং এর ফলে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বর্তমানে ও ভবিষ্যতে গুরুতর প্রভাবের মুখে পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, উপসাগরীয় দেশগুলোর প্রতি ইরানের বর্তমান আচরণ কোনোভাবেই বিচক্ষণতার পরিচয় দেয় না এবং এতে সংঘাত আরও বিস্তৃত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। এর ফলে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়তে পারে ইরান নিজেই।
সূত্র : কালবেলা











































