প্রচ্ছদ জাতীয় এবার ঈদের সরকারি ছুটির তালিকায় নেই যারা

এবার ঈদের সরকারি ছুটির তালিকায় নেই যারা

পবিত্র ঈদুল ফিতরের আগে নির্ধারিত ছুটির মাঝামাঝি ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে রোববার (৮ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি অনুবিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, কোন কোন জরুরি সেবার কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন, সেটিও নির্ধারণ করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আসন্ন শব-ই-কদর ও ঈদুল ফিতর উপলক্ষে পূর্বনির্ধারিত ছুটির মধ্যবর্তী দিন ১৮ মার্চ (বুধবার) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বন্ধ থাকবে।

তবে জরুরি পরিষেবা যেমন—বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা এই ছুটির আওতার বাইরে থাকবেন। একইভাবে হাসপাতাল ও অন্যান্য জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট কর্মীরাও ছুটির অন্তর্ভুক্ত হবেন না।

চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন এবং সংশ্লিষ্ট কর্মীরাও এই ছুটির বাইরে থাকবেন। এছাড়া জরুরি দায়িত্বে নিয়োজিত অফিসগুলোও এ ছুটির আওতামুক্ত থাকবে।

ব্যাংক খোলা রাখার বিষয়ে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা দেবে। আদালতের কার্যক্রম সম্পর্কিত নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট। আর বেসরকারি খাতের শিল্প প্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানের ছুটি সংক্রান্ত সিদ্ধান্ত বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ অনুযায়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় প্রয়োজনীয় নির্দেশনার মাধ্যমে জানাবে।