
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, সরকার ২-৩ মাসের মধ্যেই ‘অপারেশন ক্লিন হার্টের’ মতো একটি অভিযান চালাবে। প্রকৃতপক্ষে যারা অন্যায় করছে, তাদের আইনের আওতায় আনা হবে। সরকার এই ক্ষেত্রে কাউকে ছাড় দেবে না।
রবিবার (৮ মার্চ) দুপুরে ফেনী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে আবদুল আউয়াল মিন্টু এ কথা বলেন।
পরিবেশ মন্ত্রী বলেন, ‘মাদক সমাজের প্রধান সমস্যা। এর সঙ্গে কারা জড়িত, এটা সবার জানা। অভিযান চালিয়ে তাদের ধরা দরকার। এ ছাড়া কিশোর গ্যাং প্রশ্নেও সরকারের জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার। এরসঙ্গে যারা জড়িত তাদেরও ধরতে হবে।’
শহরের ফুটপাতে হকার বসা প্রসঙ্গে তিনি বলেন, হকাররা চাঁদা ছাড়া বসে না, আগে চাঁদাবাজদের ধরতে হবে।
ফেনী জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার চয়ন বড়ুয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম, সেনাবাহিনীর ক্যাম্প অধিনায়ক লে. কর্নেল মো. আমানুল হক, ৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এসএম জিল্লুর রহমান, এনএসআই যুগ্ম-পরিচালক মো. হারুন মিঞা, আনসার কমান্ড্যান্ট মো. হেলাল উদ্দিন, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরীন আক্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ, পিপি মেজবাহ উদ্দিন খান, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্লাহ মানিক প্রমুখ।
পরবর্তীতে পরিবেশ মন্ত্রী বিকেলে সোনাগাজীতে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও পরে উপজেলা বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন।
এর আগে সকালে পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু সার্কিট হাউজে আসলে তাকে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অভ্যর্থনা জানান।









































