
ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জেরে গোটা মধ্যপ্রাচ্যে তৈরি হওয়া ভয়াবহ পরিস্থিতির ভয়াবহতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি সতর্ক করেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি।
শনিবার রাতে দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এক টেলিফোন সংলাপে আমির স্পষ্ট করে বলেছেন যে, এই ক্রমবর্ধমান উত্তেজনা কেবল আঞ্চলিক নয় বরং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে। কাতারের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এবং সৌদি গেজেটের তথ্য অনুযায়ী, কাতারসহ উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে ইরানের সাম্প্রতিক ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে এই জরুরি আলোচনা অনুষ্ঠিত হয়।
ফোনালাপে কাতারের আমির বর্তমান সংকট নিয়ন্ত্রণে আনতে এবং রক্তক্ষয়ী সংঘাত বন্ধে অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি সতর্কবার্তা দিয়ে জানান, রাজনৈতিক সমাধানের পথ না খুঁজলে এই সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছাতে পারে যা নিয়ন্ত্রণ করা বিশ্বের কোনো শক্তির পক্ষেই সম্ভব হবে না। দুই নেতা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় একটি যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন এবং নতুন করে সংঘাত এড়াতে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে একমত পোষণ করেন। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের এই মধ্যস্থতাকারী অবস্থান মূলত ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বড় ধরনের যুদ্ধ ঠেকানোর একটি কৌশল।











































