
জয়পুরহাটের কালাইয়ে মারধর করে ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের মামলায় হারুনুর রশিদ (৪৫) নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে জয়পুরহাট কারাগারে পাঠানো হয়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বিয়ালা গ্রামে অভিযান চালিয়ে হারুনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হারুনুর রশিদ উপজেলার মাত্রাই ইউনিয়নের বিয়ালা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে টাকা ছিনতাই হয়। এ ঘটনায় আহত ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে বিএনপি নেতা হারুনুর রশিদসহ ৬ জনকে আসামি করে কালাই থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী নাজিমুদ্দিন কালাই উপজেলা বাজারে বিভিন্ন পণ্যের আড়তদার। তিনি গত মঙ্গলবার রাতে ব্যবসার টাকাসহ সহকারী আলীমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। এ সময় মাত্রাই বিয়ালা সড়কে পৌঁছাল হারুনসহ আসামিরা মোটরসাইকেলের গতিরোধ করে বেধম মারধরের পর সঙ্গে থাকা ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে প্রথমে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আরও উন্নত চিকিৎসার জন্য তাদের জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন বলেন, বিষয়টি জানার পর পরই কালাই উপজেলা বিএনপির কমিটিকে বলা হয়েছে। ঘটনাটির সত্যতা নিশ্চিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে বলা হয়েছে। সংগঠনবিরোধী কাজে জড়িত থাকলে কেউ ছাড় পাবে না।
কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানিয়েছেন, টাকা ছিনতাইয়ের ঘটনায় আহত ব্যবসায়ী নাজিমুদ্দিনের বাবা ইয়াকুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার বিকালে মামলা করেন। পরে রাতেই মামলার প্রধান আসামি হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাকে শুক্রবার (৬ মার্চ) জয়পুরহাট কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।











































