প্রচ্ছদ জাতীয় এবার হঠাৎ ভারতকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

এবার হঠাৎ ভারতকে বড় দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কৌশলগত সম্পর্ক জোরদার করতে আগ্রহী হলেও চীনের ক্ষেত্রে অতীতে দেওয়া অর্থনৈতিক সুবিধা নয়া দিল্লিকে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত রাইসিনা ডায়লগে বক্তব্য দিতে গিয়ে মার্কিন ডেপুটি সেক্রেটারি অব স্টেট ক্রিস্টোফার ল্যান্ডাও বলেন, প্রায় দুই দশক আগে চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র যে ভুল করেছিল, ভারতের ক্ষেত্রে তা পুনরাবৃত্তি করা হবে না।

ভূরাজনীতি ও অর্থনীতি বিষয়ক এক অধিবেশনে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ভারতের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একসঙ্গে কাজ করতে চায়। তবে একই সঙ্গে ভারতকে বুঝতে হবে যে অতীতে চীনের সঙ্গে যে নীতিগত ভুল করা হয়েছিল, সেগুলো আর পুনরাবৃত্তি করা হবে না।

বিশ্লেষকদের মতে, চীনের দ্রুত অর্থনৈতিক উত্থান এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী শক্তিতে পরিণত হওয়ার প্রেক্ষাপটেই এই মন্তব্য করেছেন ল্যান্ডাও।

এদিকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে সম্ভাব্য বিঘ্ন মোকাবেলায় ভারতের সঙ্গে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেছে ওয়াশিংটন। ল্যান্ডাও জানান, ভারতের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি উভয় ধরনের সহযোগিতার জন্য প্রস্তুত।

তিনি আরও জানান, রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার ক্ষেত্রে সাময়িক ছাড় দেওয়া হয়েছে ভারতকে। এই সুবিধা আগামী ৩০ দিন পর্যন্ত কার্যকর থাকবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সূত্র : জনকণ্ঠ