
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে তিনটি বসতবাড়িতে ভাঙচুর চালানো হয়। গতকাল বুধবার (৪ মার্চ) রাত আটটার দিকে উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাসের সমর্থকদের সঙ্গে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি তরুণ বিশ্বাসের সমর্থকদের এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে গতকাল সন্ধ্যায় দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রাত আটটার দিকে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ২৫ জন আহত হন।
খবর পেয়ে শৈলকুপা থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় নতুন করে উত্তেজনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আধিপত্য বিস্তার নিয়ে তরুণ বিশ্বাস ও বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় শান্তি রক্ষায় পুলিশি টহল জোরদার করা হয়েছে।’










































