প্রচ্ছদ আর্ন্তজাতিক ই’রানের সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন যিনি!

ই’রানের সর্বোচ্চ নেতা হতে যাচ্ছেন যিনি!

আয়তুল্লাহ আলী খামেনির প্রয়াণের পর ইরানে এখন নতুন এক অধ্যায়ের সূচনা। দেশটির সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত বিশেষজ্ঞ পর্ষদ বা অ্যাসেম্বলি অব এক্সপার্টস এখন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর প্রহর গুনছে। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রয়াত নেতার ছেলে মোজতবা খামেনি।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘকাল বাবার ছায়ায় থেকে প্রশাসন ও সামরিক ব্যবস্থার নাড়িভুঁড়ি চিনেছেন। ইসলামি বিপ্লবী গার্ড বা আইআরজিসি তাকেই যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছে। তাদের মতে সংকটের এই মুহূর্তে মোজতবার চেয়ে বিচক্ষণ এবং অভিজ্ঞ কেউ হতে পারেন না। তবে এই সিদ্ধান্তের বিপক্ষেও রয়েছে বড় একটি অংশ যারা একে বর্তমান শাসনব্যবস্থার কঠোর নীতির ধারাবাহিকতা হিসেবেই দেখছেন।

উত্তরাধিকার নির্বাচনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে কোমে শিয়াদের প্রধান শক্তিকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। যদিও সেই ভবনটি তখন খালি ছিল তবে এটি ইরানের অভ্যন্তরীণ স্থিতিশীলতার ওপর বড় একটি চাপ। মোজতবাকে নেতা ঘোষণা করা হলে তিনি সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নিশানায় পরিণত হতে পারেন এমন ভয়ও কাজ করছে অনেক ধর্মীয় নেতার মনে।

মোজতবা খামেনি ছাড়াও আলোচনায় রয়েছেন আলেম আলিরেজা আরাফি এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা রুহুল্লাহ খোমেনির নাতি সৈয়দ হাসান খোমেনি। ৪৭ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো হতে যাওয়া এই নির্বাচন ইরানের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণ করে দেবে। একদিকে সরকারের সমর্থকদের জন্য এটি স্থিতিশীলতার প্রতীক আর বিরোধীদের জন্য রাজপথে প্রতিবাদের নতুন সূত্রপাত।