
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধের ২ ঘণ্টার পর এনসিপির সংসদ সদস্য (এমপি) আব্দুল্লাহ আল আমিন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
জামায়াতে ইসলামীর ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে অবরুদ্ধ হন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন।
অনুষ্ঠানের আয়োজক ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জামায়াত ইসলামী আয়োজনে ইফতার মাহফিলে অংশ নেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি আব্দুল্লাহ আল আমিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়ে উপস্থিত হন বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম। এ সময় ইফতার মাহফিলে দেওয়া বক্তব্যে এমপি আল আমিন বিকেএমইএর সভাপতিকে ফ্যাসিস্টের দোসর মন্তব্য করায় ক্ষিপ্ত হয়ে যান অনুষ্ঠানে থাকা রপ্তানিমুখী পোশাক কারখানার ব্যবসায়ীরা। একপর্যায়ে তারা এমপি আলামিনকে ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে বিকেএমইএ ও বিসিক শিল্প মালিক সমিতিসহ নিটিং অনার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বের সহযোগিতায় পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম জানান, একটি ইফতার মাহফিলে এমন মন্তব্য করায় উপস্থিত ব্যবসায়ীরা এর প্রতিবাদ করেন এবং অনুষ্ঠান ত্যাগ করেন। পরে পুলিশ এলে বিকেএমইএর ভাইস প্রেসিডেন্টের উপস্থিততে ও অন্যান্য ব্যবসায়ী সংগঠনের সহযোগিতায় এমপি নিরাপদভাবে চলে যান৷
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী উভয় পক্ষের সঙ্গে কথা বলে এবং রাত ৮টার দিকে এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
এ ঘটনার পর এক সংবাদ সম্মেলনে এমপি আলামিন বলেন, আমি এ নিয়ে কোনো দুঃখ প্রকাশ করবো না।











































