প্রচ্ছদ জাতীয় জামায়াত আমিরের কাছে পাওনা টাকার জন্য ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি

জামায়াত আমিরের কাছে পাওনা টাকার জন্য ইনসাফ চাইলেন গোলাম মাওলা রনি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের কাছে নিজের পাওনা পরিশোধের দাবিতে ইনসাফ চেয়েছেন সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি। মঙ্গলবার (৩ মার্চ) দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। পোস্টে জামায়াত আমিরের ছবি সংযুক্ত করে নিজের পাওনা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন তিনি।

ফেসবুক পোস্টে গোলাম মাওলা রনি লেখেন, জামায়াতের মুখপত্র দৈনিক নয়া দিগন্তের প্রায় চার বছর উপসম্পাদকীয় লিখলেও এখনো তার সম্মানির অর্থ পরিশোধ করা হয়নি। বিষয়টি নিয়ে একাধিকবার অনুরোধ করেও সমাধান না পাওয়ায় তিনি সরাসরি জামায়াত আমিরের দৃষ্টি আকর্ষণ করেছেন বলে উল্লেখ করেন।

পাঠকদের জন্য গোলাম মাওলা রনির ফেসবুক স্ট্যাটাসটি কোনও পরিবর্তন না করে হুবহু তুলে ধরা হলো—

ইয়া আমির উল জামাত !
ইনসাফ চাই ! ইনসাফ চাই !
সম্মানিত রাহবার,
আপনাদের পত্রিকা দৈনিক নয়াদিগন্ত আমার প্রায় ৪ বছরের মেহনতের মূল্য পরিশোধ করছেনা । বহুজনে বহু নিবেদন করেও কাজ না হওয়ায় আপনার শরণাপন্ন হলাম।
আমি দীর্ঘদিন আপনাদের পত্রিকাটিতে উপসম্পাদকীয় লিখেছি। অন্যান্য পত্রিকা আমাকে যে সম্মানি দেয় তার মাত্র পাঁচ ভাগের এক ভাগ অর্থে আমি নয়া দিগন্তে কলাম লিখতাম এক ধরনের সহানুভূতির কারনে।
একটা সময় আপনাদের হয়তো অভাব ছিলো। কিন্তু আল্লাহর দয়ায় আপনারা সংকট মুক্ত। কিন্ত তারপরও কেন পাওনা পরিশোধ হচ্ছে না তা বোধগম্য নয় !
আমি খেটে খাওয়া মানুষ। জীবন জীবিকার জন্য এখনো আমাকে দৈনিক ১৮ ঘন্টা মেহনত করতে হয়। ৪ বছরে ২০০টি উপসম্পাদকীতে প্রায় ৫ লাখ শব্দ নিজের হাতে লিখতে আমাকে কি পরিমান শ্রম দিতে হয়েছে তা বোধকরি আপনি বুঝবেন।
সুতরাং আমার ঘাম,শ্রম,মেধা, মনন এবং আপনাদের প্রতি সহানুভূতির ইনসাফ চাই।

সূত্র : চ্যানেল২৪