প্রচ্ছদ অপরাধ ও বিচার গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

গলা কেটে শিশু হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার পাহাড়ি এলাকায় সাত বছরের কন্যাশিশু ইরা হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ বাবু শেখ নামে একজনকে গ্রেপ্তার করেছে। তিনি হত্যাকাণ্ডের মূল আসামি বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকোপার্কের ভেতর থেকে গলাকাটা অবস্থায় ইরাকে উদ্ধার করা হয়। এরপর তাকে প্রথমে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, ভুক্তভোগী কন্যা শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় শিশু ইরার।

পুলিশ জানায়, শিশুটির বাড়ি কুমিরাতে। আর উদ্ধারকৃত স্থান তার বাড়ি থেকে অন্তত পাঁচ–সাত কিলোমিটার দূরে। এত দূরে শিশুটি একা যেতে পারেনি। সম্ভবত কেউ তাকে ফুসলিয়ে সেখানে নিয়ে এসেছে।

শনিবার সকালে ইরাকে উদ্ধারের সময় তার গলা থেকে রক্ত ঝরছিল। সড়কটির সংস্কারের কাজে থাকা শ্রমিকেরা শিশুটিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করেন। তাদের পরনের কাপড় দিয়ে গলা পেঁচিয়ে রক্ত বন্ধ করার চেষ্টা করেন। পরে তারা দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সূত্র : ইত্তেফাক