
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী–এর মৃত্যুর খবরে বিশ্বজুড়ে মুসলিম সমাজে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ইরানের রাজনীতি, ধর্মীয় নেতৃত্ব ও আঞ্চলিক কৌশলের কেন্দ্রবিন্দুতে থাকা এই নেতার মৃত্যু ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
বর্তমান বৈশ্বিক রাজনীতিতে মুসলিম বিশ্বের অবস্থান, বিভক্তি এবং নেতৃত্বের সংকট নিয়ে নতুন করে বিতর্কও সামনে এসেছে। বিশেষ করে ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অনেকেই তেহরানের কূটনৈতিক ও সামরিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলছেন।
এই পরিস্থিতিতে আলোচনায় এসেছে প্রখ্যাত আলেম দেলোয়ার হোসেন সাঈদী–এর একটি পুরনো বক্তব্য। ভাইরাল হওয়া সেই ভিডিওতে তিনি মুসলিম বিশ্বের দুর্বলতার পেছনে পারস্পরিক বিভক্তিকে দায়ী করেন। তার ভাষ্য অনুযায়ী, মুসলিম সমাজ ও ওলামারা যখন ঐক্যবদ্ধ ছিলেন, তখনই তারা বিজয় অর্জন করেছেন; আর বিভক্তির কারণেই পতন নেমে এসেছে।
ভিডিওতে সাঈদী ইরানের নেতৃত্বের প্রসঙ্গও টানেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের কঠোর হুঁশিয়ারির মুখেও ইরানের নেতৃত্ব আপস করেনি। এক পর্যায়ে দূতাবাসকেন্দ্রিক সংকটের সময় যুক্তরাষ্ট্র খাদ্য ও রসদ সরবরাহ বন্ধের হুমকি দিলে খামিনী দৃঢ় অবস্থান নেন— এমন মন্তব্যও উঠে আসে তার বক্তব্যে।
বিশ্লেষকদের মতে, খামিনীর নেতৃত্বে ইরান সামরিক ও কৌশলগতভাবে মধ্যপ্রাচ্যে প্রভাবশালী শক্তিতে পরিণত হয়। দেশটির প্রতিরক্ষা সক্ষমতা ও আঞ্চলিক প্রভাব বৃদ্ধিতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল। ফলে তার মৃত্যু শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতেই নয়, গোটা অঞ্চলের কৌশলগত ভারসাম্যেও প্রভাব ফেলতে পারে।
খামিনীর মৃত্যু-পরবর্তী বাস্তবতায় মুসলিম বিশ্বের ভবিষ্যৎ নেতৃত্ব, ঐক্য এবং ভূরাজনৈতিক অবস্থান— এ প্রশ্নগুলোই এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।








































