
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমসহ চার উপপুলিশ কমিশনারকে ডিএমপির বিভিন্ন বিভাগে বদলি করা হয়েছে।
রোববার (১ মার্চ) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রমনা বিভাগের (ট্রাফিক) উপপুলিশ কমিশনার এম তানভীর আহমেদকে গুলশান বিভাগে, মহানগর ডিবির (লালবাগ বিভাগ) উপপুলিশ কমিশনার মো. মোস্তাক সরকারকে মিরপুর বিভাগে, গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার রওনক আলমকে মহানগর ডিবির (লালবাগ) বিভাগে এবং মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মো. মইনুল হককে রমনা বিভাগে (ট্রাফিক) বদলি করা হয়েছে।
অফিস আদেশে বদলি হওয়া কর্মকর্তাদের আদেশ তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার তালেবুর রহমান এশিয়া পোস্টকে জানিয়েছেন, এই বদলি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ।
এর আগে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) মধ্যরাতে নিয়মিত টহল ও বিশেষ অভিযানের অংশ হিসেবে গুলশান জোনের ডিসি রওনক আলম একটি প্রাইভেট কার থামিয়ে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন। এ সময় গাড়িতে থাকা এক ব্যক্তির পক্ষে বিদেশে অবস্থানরত এক ব্যক্তি রওনককে ফোনে হুমকি দেন বলে অভিযোগ ওঠে।
এদিকে অভিযান চলাকালীন এই কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়। এর এক দিন এক আদেশে ডিসি রওনক আলমকে গুলশান জোন থেকে প্রত্যাহার করে ডিবিতে সংযুক্ত করা হয়।









































