প্রচ্ছদ জাতীয় তোরে আমি ধরে রাখতে পারি নাই, আমিও চলে আসবো জান

তোরে আমি ধরে রাখতে পারি নাই, আমিও চলে আসবো জান

কিশোরগঞ্জ শহরের আলোরমেলা থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১ মার্চ) গভীর রাতে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ বলছে, তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। ওই গৃহবধূর নাম উম্মে সিজ্জিল ইফতি (২২)। তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার কিচমতকচুরি গ্রামের শফিকুল ইসলামের মেয়ে।

পুলিশ জানিয়েছে, ইফতি স্বামীর সঙ্গে কিশোরগঞ্জ শহরের আলোরমেলায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তার স্বামী মুমতাজ মুকুল নান্দাইল উপজেলার মুশুল্লি কলেজের প্রভাষক। তিনি মুশুল্লি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতিও। মুকুলের দুই স্ত্রী। বড় স্ত্রী তাদের তিন সন্তান নিয়ে শহরের গাইটাল এলাকায় জনতা রোডের একটি ভাড়া বাসায় বসবাস করেন। তিনি নান্দাইল উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

গৃহবধূ উম্মে সিজ্জিল ইফতির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনার পর তার স্বামী প্রভাষক মুমতাজ মুকুলের একটি ফেসবুক পোস্ট নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (১ মার্চ) দিবাগত রাত ১২টা ৩৬ মিনিটে নিজের ফেসবুক ওয়ালে ইফতির উদ্দেশে একটি আবেগঘন স্ট্যাটাস দেন তিনি। পোস্টে মুকুল লিখেন, ‘তোরে আমি ধরে রাখতি পারি নাই ভালো থেকো ওপারে জান আমার তোমার কাছে আমিও চলে আসবো জান।’

স্থানীয়রা জানান, ছোট স্ত্রী ইফতির সঙ্গেই প্রভাষক মুকুল বেশি থাকতেন। তবে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার রাতে স্থানীয়রা তাদের ঝগড়া শুনেছেন। গভীর রাতে প্রতিবেশীরা জানালায় রশিতে ঝুলতে দেখেন ইফতিকে। তখন পুলিশে খবর দেয়া হলে পুলিশ দরজা ভেঙে বাসা থেকে ইফতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ সময় তার স্বামী বাসায় ছিলেন না।

সোমবার (২ মার্চ) জিজ্ঞাসাবাদের জন্য ইফতির স্বামী মুকুলকে পুলিশ তাদের জিম্মায় নিয়েছে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের কারণে ইফতি আত্মহত্যা করে থাকতে পারেন। তবে তারা সব বিষয় মাথায় রেখে ঘটনাটির তদন্ত শুরু করেছেন। অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা বলেন, প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এখনো এ বিষয়ে থানায় কোনও অভিযোগ আসেনি। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। আর ইফতির স্বামী প্রভাষক মুকুলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের জিম্মায় নেয়া হয়েছে।