প্রচ্ছদ জাতীয় ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

ওসমানী বিমানবন্দরে ফ্লাইট চলাচল নিয়ে যা জানাল কর্তৃপক্ষ

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রভাবে আন্তর্জাতিক কিছু রুটে বিঘ্ন ঘটলেও সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বর্তমানে অভ্যন্তরীণ ও লন্ডনসহ অন্যান্য আন্তর্জাতিক রুটে ফ্লাইট চলাচল অব্যাহত আছে।

রোববার (১ মার্চ) সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বিমানবন্দর সূত্র জানায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও উদ্ভূত পরিস্থিতির কারণে রোববার সকালে কাতার থেকে সিলেট আসা একটি ফিরতি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। তবে লন্ডনসহ অন্যান্য গন্তব্যের শিডিউল অনুযায়ী বিমান উড্ডয়ন ও অবতরণ করছে।

বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট চলাচল ও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। শুধু মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। এছাড়া দোহা থেকে আসা একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দরে বর্তমানে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অতিরিক্ত যাত্রীর চাপ নেই। সংশ্লিষ্ট ফ্লাইটের যাত্রীদের আগেই বিষয়টি অবহিত করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত মধ্যপ্রাচ্য রুটের ফ্লাইটগুলো বন্ধ থাকবে বলে জানান তিনি।

মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রবাসী ও যাত্রীদের নিরাপত্তার স্বার্থেই এই সাময়িক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে দ্রুতই পুনরায় ফ্লাইট চালুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র : কালবেলা