
জাতীয় নির্বাচনের তোড়জোড় সম্পন্ন হয়েছে। গঠিত হয়েছে নতুন সরকার। এবার স্থানীয় সরকার নির্বাচনের পালা। চলতি রমজানের পরেই স্থানীয় সরকার পর্যায়ে সিটি করপোরেশন নির্বাচন হবে বলে নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ ।
রবিবার (১ মার্চ) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে রিপোর্টারস ফোরাম ফর ইলেকশন এন্ড ডেমোক্রেসি (আরএফইডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, আশা করছি শিগগরিই অর্থাৎ রমজান মাসের পরপরই সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। তার আগে আমাদের উপ-নির্বাচন নির্বাচন রয়েছে; সেগুলোর তফসিল ঘোষণা করা হয়েছে। সেগুলোও যথাসময়ে অনুষ্ঠিত হবে।
আসন্ন বিভিন্ন স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সমস্ত বছর বা একাধিক বছর নির্বাচন কমিশন ব্যস্ত থাকবে বলেও মন্তব্য করেন ইসি মাছউদ।
তিনি বলেন, নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কি হবে সেটির দায় কমিশনের না। আইন করবে সংসদ। সংসদ নির্বাচন সংক্রান্ত যেসব আইন করবে সেই আইন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও ভালো নির্বাচন আয়োজনের জন্য দায়বদ্ধ।
চলমান উপ-নির্বাচন নিয়ে ইসির তৎপরতার সম্পর্কে তিনি জানান, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় প্রতীক থাকবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে কমিশন।
সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনে ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলেও জানান তিনি।
এসময় কমিশনের কার্যক্রম নিয়ে গঠনমূলক সমালোচনা করে সাংবাদিকদের নিরপেক্ষ দায়িত্ব পালনের আহবান জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।
সূত্র : বাংলা ভিশন












































