প্রচ্ছদ জাতীয় দুঃসংবাদ পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

দুঃসংবাদ পেলেন ঢাবি ছাত্রদল নেতা হামিম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিমকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

সংগঠনের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা চিঠিতে গতকাল শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) এই নির্দেশনা দেওয়া হয়।

শোকজ নোটিশে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার অধীনস্থ কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো।

এতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই নির্দেশনা প্রদান করেন।

তবে তানভীর বারী হামিম কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গ করেছেন তা নোটিশে উল্লেখ নেই।

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি, রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিষয়টি অভ্যন্তরীণ। দলের চেইন অব কমান্ড ব্রেক হয়েছে। দলের চেইন অব কমান্ড যাতে ব্রেক না হয়, তাই আমরা এই ব্যবস্থা নিয়েছি।’

তানভীর বারি হামীম তার ফেইসবুক পোস্টে ভিডিও বার্তায় বলেন, ‘আমি জানতে পারি, গতকাল আমি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল করি, সেটি করায় আমাকে শোকজ করা হয়েছে।’

ওই পোস্টে তিনি আরও বলেন, ‘তারা আমাকে লিখিতভাবে শোকজ দিতে বলেছে। কিন্তু আমি দেব না একটি কারণে—আমাকে ব্যক্তিগতভাবে শোকজ পত্র দেওয়া হয়নি। নিশ্চয়ই আমি এমন কোনো বড় অন্যায় করিনি যে আমাকে ব্যক্তিগতভাবে শোকজ পাঠানো যাবে না।

ডিরেক্ট সামাজিক মাধ্যমে এমন একটি শোকজ দেওয়া হয়েছে, এখন সারা বাংলাদেশের মানুষ আমাকে ফোন দিচ্ছে, জানতে চাচ্ছে কি এমন অন্যায় করেছি।’