
সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ ত্যাগ করেছেন।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি যমুনা থেকে রাজধানীর গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরী। তিনি জানান, কিছুক্ষণ আগে সাবেক প্রধান উপদেষ্টা ভবনটি ছেড়ে গেছেন বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে অবহিত করেছেন। প্রধান উপদেষ্টার ব্যক্তিগত কিছু সামগ্রী ছিল, সেগুলোও সঙ্গে নিয়ে গেছেন।
ড. ইউনূসের প্রস্থানের পর ভবনটিতে প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে গণপূর্ত অধিদপ্তর। সংস্কার শেষে রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’ নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান-এর ব্যবহারের জন্য প্রস্তুত করা হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসের মধ্যেই অভ্যন্তরীণ সজ্জাসহ সংশ্লিষ্ট সব কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংস্কার শেষে ভবনটি প্রধানমন্ত্রীর ব্যবহারের জন্য সম্পূর্ণ প্রস্তুত রাখা হবে।
তবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ মুহূর্তে যমুনায় উঠবেন কিনা, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানা যায়নি। বর্তমানে তিনি রাজধানীর গুলশানে তার নিজস্ব বাসভবনেই অবস্থান করছেন।













































