প্রচ্ছদ জাতীয় ভাগ্য নির্ধারণে সরকার ও সাকিব

ভাগ্য নির্ধারণে সরকার ও সাকিব

দীর্ঘ বিরতি কাটিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই মাঠে দেখা যেতে পারে তাকে। সাকিবকে দেশের ক্রিকেটে ফিরিয়ে আনার প্রক্রিয়া এরই মধ্যে কয়েক ধাপ এগিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির সহসভাপতি ফারুক আহমেদ গতকাল এক অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিবের ফেরা নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি স্পষ্ট করেন যে, সাকিবের বিরুদ্ধে হওয়া মামলার আইনি জটিলতা নিরসনে বোর্ড তাদের পক্ষ থেকে সব ধরনের কাজ গুছিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়েছে। এখন চূড়ান্ত সিদ্ধান্তের জন্য তারা সরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, ‘সাকিবের ব্যাপারটা ক্রিকেট বোর্ড থেকে যা যা করার, যে মামলার যে কাগজপত্র—ওইটা জায়গামতো দেওয়া আছে। এখন এটা সরকারের বিষয়, সাকিবের জন্য আমাদের ক্রিকেট বোর্ডের যে কাজটা করার কথা, সেটা করা হয়েছে।’

আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান জুলাই আন্দোলনের উত্তাল সময়ের আগেই দেশত্যাগ করেছিলেন। তবে ছাত্র-জনতার আন্দোলনের সময় দেশে ঘটে যাওয়া প্রাণহানির ঘটনায় তার ‘নীরব ভূমিকা’ নিয়ে ব্যাপক জনরোষ তৈরি হয়। সরকার পতনের পর সাকিবের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা করা হয়, যার ফলে আইনি জটিলতায় তার দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। ২০২৪ সালের অক্টোবরে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট খেলে বিদায় নিতে চেয়েছিলেন সাকিব। কিন্তু দুবাই পর্যন্ত পৌঁছলেও তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত ‘সবুজ সংকেত’ ও নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় তাকে যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়।

প্রায় দেড় বছর পর সম্প্রতি সাকিবের ফেরার বিষয়ে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। দেশের ক্রিকেটের অভিজ্ঞ এই তারকার প্রয়োজনীয়তা বিবেচনা করে বিসিবি তাকে ফের জাতীয় দলে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে। আইনি ও অন্যান্য সংকট সমাধানে বোর্ড এরই মধ্যে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কাজ শুরু করেছে। তবে ফারুক আহমেদ বলছেন, সাকিব মাঠে ফেরার মতো কতটা প্রস্তুত সেটাও তাকেই অনুধাবন করতে হবে। বিসিবির এই পরিচালক বলেন, ‘সাকিব প্রথমে সিদ্ধান্ত নেবেন তার ফিটনেস কোন পর্যায়ে আছে, দেশে আসতে পারবেন কি না। তারপর এগুলোর ওপর অনেক কিছু নির্ভর করছে, তিনি খেলতে পারবেন কি না।’ অর্থাৎ মামলার পরবর্তী সময়েও সাকিবকে দলে ফিরতে হলে আরও বেশ কিছু ধাপ অতিক্রম করতে হবে। তাইতো সাকিবের ফেরার ব্যাপারে এখনই কোনো নির্দিষ্ট তথ্য দিতে পারছেন না তিনি।

সূত্র : কালবেলা