
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বগুড়া শহর জামায়াত আমির আবিদুর রহমান সোহেলকে প্রার্থী করেছে দলটি।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সকালে দলটির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী দায়িত্বশীলদের সমাবেশের মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।
শহর জামায়াতের যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনে শহর জামায়াতের আমির ও দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবিদুর রহমান সোহেলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে। শনিবার সকালে মনোনয়নপত্র সংগ্রহ করা হবে।
এর আগে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদ সদস্য নির্বাচিত হন। জামায়াত প্রার্থী আবিদুর রহমান সোহেল ওই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। পরে তারেক রহমান আসননি ছেড়ে দেন।
এ আসনে মোট ভোটার ৪ লাখ ৫০ হাজার ৩০৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ১৯ হাজার ৯২৫ জন, নারী ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন ও তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১০ জন।
প্রধানমন্ত্রী তারেক রহমান ১৫০ কেন্দ্রে ২ লাখ ১৬ হাজার ২৮৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৯৭ হাজার ৬২৬ ভোট।
তারেক রহমান আসনটি ছেড়ে দেওয়ায় উপ-নির্বাচনের নতুন তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। তফশিল অনুযায়ী আগামী ৯ এপ্রিল ভোটগ্রহণ হবে। আসন্ন উপ-নির্বাচনে বিএনপি জেলা সভাপতি রেজাউল করিম বাদশাকে মনোনয়ন দিয়েছে। তিনি শুক্রবার দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে উপ-নির্বাচনের রিটার্নিং অফিসার ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা ফজলুল করিমের কাছে মনোনয়ন ফরম উত্তোলন করেছেন।
সূত্র : যুগান্তর










































