
বগুড়া-৬ আসনের ত্রিমুখী উপনির্বাচনে বিএনপি তাদের প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছেন রেজাউল করিম বাদশাকে। তিনি বর্তমান সময়ে বগুড়া জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া-৪ আসনের বিএনপি সংসদ সদস্য মো. মোশারফ হোসেন এবং দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। শায়রুল কবির খান ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশা ভাইকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।’
এর আগে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, আগামী ৯ এপ্রিল এই দুই আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২ মার্চ, যাচাই-বাছাই ৫ মার্চ এবং আপিলের সময় ৬ থেকে ১০ মার্চ। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৪ মার্চ, এবং প্রতীক বরাদ্দ হবে ১৫ মার্চ।
ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে। শেরপুরের উপনির্বাচনের ক্ষেত্রে পূর্বের প্রার্থীরা নতুন করে মনোনয়নপত্র জমা দিতে হবে না এবং জামানতের অর্থও জমা দিতে হবে না।










































