প্রচ্ছদ জাতীয় যে ৬ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না

যে ৬ শ্রেণির মানুষ ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন না

সরকার আগামী ১০ মার্চ থেকে পরীক্ষামূলকভাবে ‘ফ্যামিলি কার্ড’ চালু করতে যাচ্ছে। বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে নেওয়া এ উদ্যোগের প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে কার্ড বিতরণ করা হবে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক শেষে এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই সুবিধা সবার জন্য প্রযোজ্য হবে না। নির্ধারিত নীতিমালায় ছয় ধরনের পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতার বাইরে রাখা হয়েছে। অর্থাৎ নির্দিষ্ট কিছু আর্থিক ও পেশাগত মানদণ্ড বিবেচনায় এনে সুবিধাভোগী বাছাই করা হবে।

নীতিমালা অনুযায়ী, যেসব পরিবারে কেউ সরকারি পেনশন পান, যাদের বাসায় এসি ব্যবহার করা হয়, ব্যক্তিগত গাড়ি বা বিলাসবহুল সম্পদ রয়েছে, পরিবারের সদস্য সরকারি চাকরিতে কর্মরত, বাণিজ্যিক লাইসেন্স রয়েছে বা বড় পরিসরে ব্যবসা পরিচালনা করেন—তারা এই কর্মসূচির সুবিধা পাবেন না।

সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন-২০২৬’ শিরোনামে নীতিমালাটি প্রণয়ন করেছে। এর মূল দর্শন নির্ধারণ করা হয়েছে, ব্যক্তি নয় বরং পরিবারকে উন্নয়নের কেন্দ্রীয় একক হিসেবে বিবেচনা করা। খুব শিগগিরই এটি প্রজ্ঞাপন আকারে জারি হবে বলে জানা গেছে। নির্ধারিত তারিখে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করবেন।