প্রচ্ছদ জাতীয় পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর

পদত্যাগ করিনি, তবে শুনেছি আমি আর নেই: আহসান এইচ মনসুর

সরিয়ে দেওয়া হচ্ছে—এমন তথ্য ছড়িয়ে পড়ার পর হঠাৎ করে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেছেন গভর্নর ড. আহসান এইচ মনসুর। এদিকে পদ থেকে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ার পর তাকে বাংলাদেশ ব্যাংক থেকে বের হতে দেখা যায়।

চলে যাওয়ার সময় নতুন গভর্নর নিয়োগ ও তার পদত্যাগের বিষযয়ে জানতে চাওয়া হলে গভর্নর বলেন, ‘আমি পদত্যাগ করিনি, তবে খবরে শুনেছি।’ এর বাইরে আর কিছু বলেননি তিনি।

জানা গেছে, ড. আহসান এইচ মনসুরকে দায়িত্ব থেকে সরিয়ে নতুন গভর্নর নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে নিয়োগ দেওয়ার প্রস্তুতি চলছে।

অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের একাধিক সূত্রের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ে কর্মরত এক শিক্ষাবিদকে গভর্নর পদে নিয়োগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রক্রিয়া সম্পন্ন হলে আজই (বুধবার) এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সূত্র জানায়, সকালে নিয়মিত কাজের অংশ হিসেবে কার্যালয়ে আসেন গভর্নর আহসান এইচ মনসুর। এর মধ্যেই তার অপসারণের খবর বিভিন্ন মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এ খবর শোনার পর তিনি সহকর্মী বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার সঙ্গে কথা না বলে তাৎক্ষণিক অফিস ত্যাগ করেন। তার এই আকস্মিক প্রস্থান ঘিরে কেন্দ্রীয় ব্যাংক কার্যালয়ে কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হয়।

সূত্র : সময়ের কণ্ঠস্বর