
বিডিআর পিলখানা হত্যাযজ্ঞের ন্যায়বিচার নিয়ে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, বহু বছর ধরে দেশের মানুষ এ ঘটনার ন্যায়বিচারের আশায় অপেক্ষা করে আছে। তাঁর ভাষায়, “আলহামদুলিল্লাহ, আমরা সেই দিনের খুব কাছাকাছি পৌঁছে গেছি।”
তিনি উল্লেখ করেন, পিলখানার হত্যাকাণ্ড দেশের ইতিহাসে একটি গভীর ও বেদনাদায়ক অধ্যায়। এ ঘটনার বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হওয়া নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা দীর্ঘদিনের। তাঁর মতে, এখন সেই প্রতীক্ষার অবসান ঘটার সময় ঘনিয়ে এসেছে।
ইশরাক হোসেন প্রয়াত ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র। সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা-৬ আসন থেকে ৭৮ হাজার ৮৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আবদুল মান্নান পান ৫৫ হাজার ৬৯৭ ভোট।
সম্প্রতি তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে আবারও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।










































