
মানিকগঞ্জের শিবালয়ে সেলফি পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস থেকে চাঁদা তোলার অভিযোগে এক যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। আটককৃত ওই যুবদল নেতার নাম সুব্রত কুমার বিশ্বাস ওরফে শুভ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কে উপজেলার উথুলী-পাটুরিয়া সংযোগ মোড় থেকে চাঁদা তোলার সময় সাড়ে ১৫’শ টাকাসহ হাতেনাতে তাকে আটক করে শিবালয় থানা পুলিশ।
আটককৃত শুভ উথুলী ইউনিয়ন যুবদলের যুগ্ম-আহবায়ক এবং ওই ইউনিয়নের বেলতা গ্রামের মৃত নিতাই চন্দ্র বিশ্বাসের ছেলে। এই ঘটনায় সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে উথুলী-পাটুরিয়া সংযোগ মোড়ে প্রতিদিনের মত সেলফি পরিবহনের লাইনম্যান হিসাবে দায়িত্ব পালন করছিলেন মিজানুর রহমান। এসময় যুবদল নেতা সুব্রত বিশ্বাসসহ অজ্ঞাত তিন-চারজন ব্যক্তি এসে তার কাছ থেকে বাস কাউন্টারের প্রয়োজনীয় কাগজপত্র জোরপূর্বক ছিনিয়ে নেয়। পরে তারা তাকে সেখানে কোনও ডিউটি করতে হবে না বলে চলে যেতে বলে।
পরক্ষণেই সুব্রতসহ তিন-চারজন মিলে প্রতি সেলফি বাস থেকে ত্রিশ টাকা করে চাঁদা তুলতে থাকে। বিষয়টি লাইনম্যান মিজানুর কোম্পানির ম্যানেজারকে অবগত করেন। কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিরা থানায় ঘটনাটি জানালে মঙ্গলবার দুপুরের দিকে সুব্রত বিশ্বাসকে আটক করে পুলিশ। তবে সঙ্গে থাকা অন্যরা পালিয়ে যায়।
সেলফি পরিবহন প্রাইভেট লিমিটেডের ম্যানেজার মো. সবুর খান বলেন, ঢাকা-আরিচা মহাসড়কে দেড়শতাধিক সেলফি পরিবহনের বাস চলাচল করে থাকে। আমি সুব্রতদের মোবাইল ফোনে অনুরোধ করেছি এমনটা না করার জন্য। তারা উল্টো আমার কোম্পানির লাইনম্যান ও আমার সাথে বাজে ব্যবহার করেছে। আর প্রতি বাস থেকে ৩০ টাকা করে চাঁদা তুলেছে। পরে বাধ্য হয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়।
উথুলী ইউনিয়ন যুবদলের আহবায়ক মো. মনিরুজ্জামান সরকার টুটুল বলেন, চাঁদাবাজির বিষয়টি আমি পুলিশের মাধ্যমে অবগত হয়েছি। সুব্রত কুমার বিশ্বাস আমার কমিটির যুগ্ম-আহবায়ক হিসাবে দায়িত্বে রয়েছেন। আমি এবং আমার দল কোনোভাবেই চাঁদাবাজিকে সর্মথন করি না। এ ঘটনায় আমার উপজেলা ও জেলার নেতাদের সাথে আলোচনা করে তদন্তপূর্বক তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেবো।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, বাসে চাঁদা তোলার অভিযোগে সুব্রত বিশ্বাস নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামীকে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।












































