
ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম কমানো হয়েছে। ফেব্রুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের মূল্য ১৫ টাকা হ্রাস করে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) নতুন এ মূল্য ঘোষণা করে। সংস্থাটি জানিয়েছে, ২৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।
বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেব্রুয়ারি মাসে ১২ কেজি এলপিজির দাম ১ হাজার ৩৫৬ টাকা থেকে ১৫ টাকা কমিয়ে ১ হাজার ৩৪১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এর আগে চলতি মাসের ২ ফেব্রুয়ারি সর্বশেষ মূল্য সমন্বয় করা হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়িয়ে ১ হাজার ৩৫৬ টাকা নির্ধারণ করা হয়।
ভোক্তা পর্যায়ে এলপিজির দাম সহনীয় রাখতে এবং জ্বালানি বাজারে স্থিতিশীলতা আনতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) স্থানীয় উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ের ২ শতাংশ আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করে। পাশাপাশি আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়। এর ধারাবাহিকতায় এবার এলপিজির দাম কমানো হয়েছে।
এদিকে ২৩ ফেব্রুয়ারি জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে অটোগ্যাসের দামও কমানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। ফেব্রুয়ারি মাসে ভোক্তা পর্যায়ে ২৮ পয়সা কমিয়ে মূসকসহ অটোগ্যাসের দাম প্রতি লিটার ৬১ টাকা ৮৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের ২ ফেব্রুয়ারি অটোগ্যাসের দাম সর্বশেষ সমন্বয় করা হয়েছিল। সে সময় ভোক্তা পর্যায়ে ২ টাকা ৩৪ পয়সা বাড়িয়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৬২ টাকা ১৪ পয়সা নির্ধারণ করা হয়েছিল।
সূত্র : জনকণ্ঠ












































