
ত্রয়োদশ সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থীদের মনোনয়নের বিষয়ে অবস্থান পরিষ্কার করেছে জামায়াতে ইসলামী। আজ মঙ্গলবার সন্ধ্যায় দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, ‘সম্প্রতি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সম্ভাব্য নারী সংসদ সদস্যদের বিষয়ে ভুয়া নাম প্রকাশ করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। সেখানে দাবি করা হচ্ছে যে দলের শীর্ষস্থানীয় কয়েকজন নেতার স্ত্রী বা নিকটাত্মীয়রা নারী সংসদ সদস্য হিসেবে মনোনয়ন পাচ্ছেন—যা সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন। আমরা মনে করি, জনমনে বিভ্রান্তি সৃষ্টির হীন উদ্দেশ্যেই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘এ বিষয়ে আমাদের সুস্পষ্ট বক্তব্য হলো—বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় পরিচালিত সংগঠন। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের মনোনয়নসহ সংগঠনের সব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র অনুযায়ী গ্রহণ করা হয়। এখানে আত্মীয়তা বা স্বজনপ্রীতির কোনো সুযোগ নেই।’
জামায়াতের বিবৃতিতে বলা হয়, মনোনয়ন প্রক্রিয়া সম্পূর্ণ গঠনতান্ত্রিক পদ্ধতিতে এবং মহিলা বিভাগের সঙ্গে পরামর্শক্রমে সম্পন্ন হবে। অতএব, অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে দেশবাসীকে এ ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে দলটি।










































