
বাংলাদেশ পুলিশের নতুন মহাপরিদর্শক বা আইজিপি হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আলী হোসেন ফকির। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।
আলী হোসেন ফকির এর আগে পুলিশের অতিরিক্ত আইজিপি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। আজ তাকে পদোন্নতি দিয়ে নতুন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।
মো. আলী হোসেন ফকির বিসিএস (পুলিশ) ক্যাডারের ১৫তম ব্যাচের সদস্য। তার নিজ জেলা বাগেরহাট। তিনি বর্তমান আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হচ্ছেন।
রাজনৈতিক বিবেচনায় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে প্রথম দফায় চাকরি হারান আলী হোসেন ফকির। পরবর্তীতে দ্বিতীয় দফায় তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।
তবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি পুনরায় চাকরিতে ফেরার সুযোগ পান। এসপি পদমর্যাদায় দায়িত্ব ফিরে পাওয়ার পর সুপার নিউমারারি হিসেবে ডিআইজি পদে পদোন্নতি দেওয়া হয় তাকে।










































