
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনসহ (ডিএসসিসি) দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন বিএনপি নেতাকে প্রশাসকের দায়িত্ব দিয়েছে সরকার।
তাদের মধ্যে কয়েকজন গত সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন। কয়েকজন দলের মনোনয়ন চেয়েও পাননি।
রোববার (২২ ফেব্রুয়ারি) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপনে বলা হয়, ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’-এর ধারা ২৫ক এর উপধারা (১) এর অনুবৃত্তিক্রমে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে করপোরেশন গঠিত না হওয়া পর্যন্ত অথবা পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাদের নামের পাশে বর্ণিত সিটি করপোরেশনের পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো।’
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক হয়েছেন মো. আব্দুস সালাম। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য। একসময় তিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ছিলেন। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন আব্দুস সালাম।
৬ সিটি করপোরেশনে প্রশাসক হলেন বিএনপি নেতারা
দেশের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপি নেতা মো. শফিকুল ইসলাম খান। গত নির্বাচনে তিনি ঢাকা-১৫ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের কাছে হেরে যান তিনি।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। খুলনা-২ আসনের এই সাবেক এমপি এবারও একই আসন থেকে নির্বাচন করে জামায়াতের প্রার্থীর কাছে হেরে যান।
সিলেট সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী। এবারের নির্বাচনে তিনি সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তাকে মনোনয়ন না দিয়ে সিলেট জেলার ছয়টি সংসদীয় আসনে বিএনপির নির্বাচন সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব পেয়েছেন মো. সাখাওয়াত হোসেন খান। তিনি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক। ২০১৬ সালের সিটি করপোরেশন নির্বাচনে ধানের শীষ নিয়ে মেয়র পদে নির্বাচন করে হেরে যান সাখাওয়াত। এবারের সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৫ আসনে দলের মনোননয়ন চেয়েও পাননি।
গাজীপুর মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক পদে বসানো হয়েছে। গত সংসদ নির্বাচনে তিনি গাজীপুর-২ আসনে দলের মনোনয়নপ্রত্যাশী ছিলেন।
২০২৪ সালের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর ১৯ অগাস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক বসানো হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকারের নির্বাচন নিয়ে আলোচনা উঠতে শুরু করেছে।











































