প্রচ্ছদ জাতীয় এবার নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন!

এবার নির্বাচনের প্রার্থী ব্যারিস্টার সুমন!

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (এসসিবিএ) ২০২৬-২৭ মেয়াদের নির্বাচনে আওয়ামী সমর্থিত প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আলোচিত আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। আগামী ১১ ও ১২ মার্চ অনুষ্ঠিতব্য এই নির্বাচনকে কেন্দ্র করে আইনি অঙ্গনে বইছে উত্তাপ। বর্তমানে হত্যা মামলায় কারাগারে থাকলেও ব্যারিস্টার সুমনের পক্ষে তার সমর্থক ও আইনজীবীরা মাঠপর্যায়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

প্রচারণাপত্রে ব্যারিস্টার সুমনকে অকুতোভয় জননেতা হিসেবে চিত্রায়িত করা হয়েছে। সমর্থকদের দাবি তিনি জেল-জুলুম ও মব জাস্টিসের বিরুদ্ধে সর্বদা উচ্চকণ্ঠ ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী এই আইনজীবী বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘটিত হত্যাকাণ্ডের একাধিক মামলায় কারাবন্দি। তবে তার অনুসারীরা মনে করেন কারাগারের ভেতরে থেকেও তিনি ন্যায়বিচার ও আইনি অঙ্গনের মর্যাদা রক্ষার এই লড়াইতে সফল হবেন।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির আগামী নির্বাচনের তারিখ নির্ধারিত হয়েছে ১১ ও ১২ মার্চ। এই নির্বাচনকে কেন্দ্র করে আদালত চত্বরে সাদা প্যানেলের অন্যতম আকর্ষণ হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার সুমন।