প্রচ্ছদ জাতীয় তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে কে হচ্ছেন বিএনপির প্রার্থী?

বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ায় সেখানে বিএনপির নতুন প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা তুঙ্গে। দুটি আসনে নির্বাচিত হওয়ার পর শপথের আগের দিন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনটি ছেড়ে দেন। ফলে আসনটিতে উপনির্বাচন অনুষ্ঠিত হবে, যদিও এখনো তফসিল ঘোষণা করেনি নির্বাচন কমিশন। বগুড়া-৬ আসনটি বিএনপির জন্য ঐতিহাসিকভাবে শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত।

১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনে এখানে বিএনপির প্রার্থীরা বড় ব্যবধানে জয় পেয়েছেন। ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে এই আসন থেকে দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন। সর্বশেষ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় পান তারেক রহমান নিজেই। উপনির্বাচনে দলীয় মনোনয়ন কার হাতে যাবে, তা নিয়ে নানা সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। আলোচনায় রয়েছে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান কিংবা মেয়ে জাইমা রহমানের নাম।

পাশাপাশি স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতাকেও সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাঁদের মধ্যে রয়েছেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র রেজাউল করিম (বাদশা), সাবেক সভাপতি ও সাবেক মেয়র একেএম মাহবুবুর রহমান, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার এবং বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর (পাভেল)। বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন জানিয়েছেন, উপনির্বাচনের প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। তফসিল ঘোষণার পর দলের হাইকমান্ড বিষয়টি বিবেচনা করে যথাসময়ে সিদ্ধান্ত জানাবে। তাঁর ভাষ্য অনুযায়ী, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন জিয়া পরিবারের ঐতিহ্যবাহী এলাকা হিসেবে পরিচিত। এবারের উপনির্বাচনে পরিবারের কেউ মনোনয়ন পাবেন, নাকি অন্য কোনো নেতা সুযোগ পাবেন—সে সিদ্ধান্ত দলের চেয়ারম্যানই নেবেন।