প্রচ্ছদ জাতীয় দেশজুড়ে আসছে ‘ফ্যামিলি কার্ড’! কারা পাবেন সুবিধা?

দেশজুড়ে আসছে ‘ফ্যামিলি কার্ড’! কারা পাবেন সুবিধা?

নতুন সরকার দেশের আটটি বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প হিসেবে) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করার উদ্যোগ নিয়েছে। এ কার্যক্রম বাস্তবায়নের জন্য অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী এবং সমাজকল্যাণ মন্ত্রী। এছাড়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিব এবং সাতটি মন্ত্রণালয়ের সচিবরা কমিটির সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।

এই কমিটির মূল দায়িত্ব হবে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের জন্য একটি কার্যকর নকশা প্রণয়ন এবং সুবিধাভোগী নির্বাচনের পদ্ধতি নির্ধারণ করা। প্রাথমিকভাবে দেশের আটটি বিভাগের প্রতিটিতে একটি করে উপজেলা নির্বাচন করে সেখানে পরীক্ষামূলকভাবে কার্ড চালুর ব্যবস্থা নেওয়া হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নারীদের জন্য বর্তমানে চালু থাকা কোনো কর্মসূচিকে এই কার্ডের ভিত্তি হিসেবে ব্যবহার করা সম্ভব কি না, তা কমিটি পর্যালোচনা করবে। পাশাপাশি সুবিধাভোগীদের একটি ডাটাবেজ তৈরির লক্ষ্যে জাতীয় পরিচয়পত্র ও ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে আন্তঃসংযোগ স্থাপন করে একটি ডিজিটাল এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) প্রণয়নের সুপারিশ করবে কমিটি।