প্রচ্ছদ জাতীয় লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

লাল পাসপোর্ট হস্তান্তর করেছেন ড. মুহাম্মদ ইউনূস

সদ্য বিদায়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার কূটনৈতিক (লাল) পাসপোর্ট হস্তান্তর করেছেন। জানা গেছে, ক্ষমতায় থাকাকালীন প্রায় এক সপ্তাহ আগেই তিনি পাসপোর্টটি জমা দেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, প্রধান উপদেষ্টার পাশাপাশি বিদায়ী সরকারের উপদেষ্টা ও সমমর্যাদার প্রায় ২০ জন ইতোমধ্যে তাদের কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়–এর দায়িত্বশীল কর্মকর্তারা।

তারা জানান, ভোটের আগেই বেশিরভাগ উপদেষ্টা পাসপোর্ট জমা দিয়েছেন। তবে কয়েকজন এখনো জমা না দিলেও নির্দিষ্ট সময়ের মধ্যে তাদেরও তা জমা দিতে হবে।

লাল পাসপোর্ট জমাদানকারীদের তালিকায় প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একাধিক উপদেষ্টা রয়েছেন। এছাড়া প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত ও তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট বিশেষ সহকারীও পাসপোর্ট জমা দিয়েছেন বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দায়িত্ব শেষ হলে কূটনৈতিক পাসপোর্ট হস্তান্তর করা সরকারি বিধি অনুযায়ী বাধ্যতামূলক প্রক্রিয়ার অংশ।