প্রচ্ছদ জাতীয় ছবিসহ ব্যানার টানানোয় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অতঃপর…

ছবিসহ ব্যানার টানানোয় ক্ষুব্ধ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, অতঃপর…

সচিবালয়ে মন্ত্রণালয়ের সামনে আগেকার দিনে শোভা পেতো তৎকালীন মন্ত্রীদের ছবি সম্বলিত ব্যানার। গতকাল বুধবারও (১৮ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়ে দেখা গেছে সালাহউদ্দিন আহমদের ছবিসহ একই ধরনের ব্যানার ঝুলছে। আর মন্ত্রণালয়ের প্রাঙ্গনে তৈরি মঞ্চ। যেখানে তাকে গার্ড অব অনার দেওয়ার ব্যবস্থা। বিছানো হয় লাল গালিচা।

সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন মন্ত্রণালয়ের কর্মকর্তারা। কিন্তু তিনি কেবিনেট বৈঠক শেষে বিকেলে আসেন। এরপর তিনি মন্ত্রণালয়ে যোগদান করে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচয় ও মত বিনিময় করেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, সভায় বিশাল ব্যানার টানানোয় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান মন্ত্রী। সেই সঙ্গে এ কাজ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নয় বলে মন্তব্য করেন তিনি। ওই সময় তিনি ব্যানারটি নামিয়ে ফেলার নির্দেশ দেন। কিছুক্ষন পরই ব্যানারটি নামিয়ে ফেলা হয় বলে জানা গেছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, সালাহউদ্দিন আহমদ শুধু ব্যানার দেখে ক্ষুব্দ প্রতিক্রিয়া দেখাননি, তিনি গার্ড অব অনারও নিতে চাননি। পরে অনুরোধ করে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তিনি যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন, তখন অনেকে তাকে ফুল দিয়ে বরণ করতে যান। এ সময়টিতেও তিনি বাধা দেন।

এক কর্মকর্তা বলেন, স্বল্প সময়ের সভায় নতুন স্বরাষ্ট্রমন্ত্রী যে ম্যাসেজ দিয়েছেন তাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অসাধু কর্মকর্তাদের কাঁপুনি শুরু হয়েছে।