
সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ার সিদ্ধান্তকে কেন্দ্র করে ফের আলোচনায় এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এবার দলটির এ সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন ডাকসুর ভিপি ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা আবু সাদেক কায়েম।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ সমালোচনা করেন।
পোস্টে সাদেক কায়েম লিখেছেন, জনরায়কে উপেক্ষা করে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করছে না। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে দলটি নিজেদের সংস্কারবিরোধী অবস্থান পরিষ্কার করেছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, বিএনপির এ সিদ্ধান্ত দেশের বিদ্যমান ‘ফ্যাসিবাদী কাঠামো’ অটুট রাখার সুপ্ত বাসনার বহিঃপ্রকাশ। দলটি এ অবস্থান থেকে সরে না এলে ‘জুলাই প্রজন্ম’ রাজপথে নেমে আন্দোলন গড়ে তুলবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ভূমিকা রাখবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।











































