প্রচ্ছদ জাতীয় ভোটার হওয়ার ৫৩ দিনেই প্রধানমন্ত্রী

ভোটার হওয়ার ৫৩ দিনেই প্রধানমন্ত্রী

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার মাত্র ৪৯ দিনের মাথায় তিনি সংসদ সদস্য (এমপি) এবং ৫৩ দিনের মাথায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান।

বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এত অল্প সময়ে ভোটার থেকে সরকারপ্রধান হওয়ার ঘটনা এটিই প্রথম।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় সংসদ ভবন–এ প্রথমে সংসদ সদস্য হিসেবে শপথ নেন। পরে সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়ে আগামী পাঁচ বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

তবে আইনি বাধ্যবাধকতার কারণে বিজয়ী দুটি আসনের মধ্যে বগুড়া-৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারেক রহমান। ফলে তিনি ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য হিসেবেই সংসদে প্রতিনিধিত্ব করবেন এবং মন্ত্রিসভার নেতৃত্ব দেবেন। বগুড়া-৬ আসনটি শূন্য ঘোষণা করায় সেখানে শিগগিরই উপনির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন।

২০২৫ সালের ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে বীরের বেশে দেশে ফেরেন তারেক রহমান। দেশে ফেরার মাত্র দু’দিন পর অর্থাৎ ২৭ ডিসেম্বর তিনি ভোটার হন। ইসির রেকর্ড অনুযায়ী, ভোটার হওয়ার মাত্র ৫৩ দিন পর তিনি দেশের সর্বোচ্চ নির্বাহী পদে আসীন হলেন।

ইসি সচিব আখতার আহমেদ জানান, গত ২৭ ডিসেম্বর তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে জাতীয় পরিচয়পত্র গ্রহণ করেন। প্রবাসে ভোটার হওয়ার সুযোগ থাকলেও তিনি দেশেই ভোটার হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন।

ইসি জানায়, তারেক রহমান ও জাইমা রহমান গুলশান অ্যাভিনিউয়ের ১৯ নম্বর ওয়ার্ডের একটি ঠিকানাকে স্থায়ী ঠিকানা ও ধানমন্ডির ১৫ নম্বর এলাকাকে বর্তমান ঠিকানা হিসেবে উল্লেখ করেছেন। এর আগে তার স্ত্রী ডা. জুবাইদা রহমানও একই ঠিকানায় ভোটার হয়েছিলেন