
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ বলেছেন, খলিলুর রহমানের মন্ত্রী হওয়া প্রমাণ করে তিনি অন্তর্বর্তী সরকারে থাকার সময় একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের হয়ে কাজ করেছেন। বিএনপির মন্ত্রিসভায় অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা খলিলুর রহমানের যোগ দেওয়া নিয়ে এ মন্তব্য তার। একইসঙ্গে নির্বাচনে বড় ধরনের ‘ইঞ্জিনিয়ারিং’ হয়েছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে নাহিদ ইসলাম বলেন, খলিলুর রহমান যদি বিএনপি সরকারের মন্ত্রী হন, তবে প্রশ্ন উঠবে যে তিনি আগের অন্তর্বর্তী সরকারের সময়ে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিং ও কারচুপির কথা আমরা বলছি, তার প্রমাণ হিসেবে এটি জাতির সামনে উন্মোচিত হচ্ছে।
নির্বাচনে এনসিপির আসন কমে যাওয়া এবং সরকারি দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া পরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, পরিকল্পিতভাবে আমাদের অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি দল দুই-তৃতীয়াংশ আসন দখল করে নিয়েছে, যাতে সংবিধান সংস্কার না হয়। পুরো বিষয়টিই একটি বড় ইঞ্জিনিয়ারিং।
সরকারি দল সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে অভিযোগ করে তিনি বলেন, সরকার গঠনের প্রথম দিনেই তারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। তাদের কাছ থেকে দেশ ও জাতি কী আশা করবে—তা নিয়ে সবার মনে প্রশ্ন তৈরি হয়েছে। শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি ভঙ্গ নয়, তারা একটি আইনি ও সাংবিধানিক জটিলতাও সৃষ্টি করেছে। জুলাই জাতীয় সনদের আদেশে স্পষ্ট লেখা ছিল গণভোটে ‘হ্যাঁ’ জয়ী হলে সংসদ সদস্য এবং সংবিধান সংস্কার পরিষদের শপথ একই অনুষ্ঠানে হবে। কিন্তু তারা তা না মেনে একতরফা সিদ্ধান্ত নিচ্ছে।








































