প্রচ্ছদ জাতীয় ৫০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি, স্বামী-স্ত্রী আটক

৫০ টাকা করে ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি, স্বামী-স্ত্রী আটক

বিএনপি ঘোষিত নির্বাচনি ইশতেহারের দোহাই দিয়ে ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ ছাপিয়ে বিক্রি করার অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লায় দুই জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ভুয়া ফ্যামিলি কার্ডসহ তাদের আটক করা হয়। তারা হলেন- রাসেল ওরফে জিলানী ও তার স্ত্রী হাসিনা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের পরের দিন রাসেল ও তার স্ত্রী কাশিপুর ইউনিয়নের নরসিংপুর, বকুলতলা, চর কাশিপুর ও মধ্য নরসিংপুর এলাকায় প্রচার শুরু করেন। রাসেল নিজেকে বিএনপি কর্মী পরিচয় দিয়ে ‘জিসান ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে সহজ-সরল নারীদের কাছে টাকার বিনিময়ে এই ভুয়া ‘ফ্যামিলি কার্ড’ বিক্রি করেন। আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে তারা কমপক্ষে ৩০০ পরিবারের কাছে ৫০ টাকা দরে প্রত্যেকটি কার্ড বিক্রি করেছেন।

আরও জানা যায়, এই কার্ড দেখিয়ে প্রতি মাসে ১২৮৫ টাকার বিনিময়ে ১৭২৫ টাকার চাল, ডাল, তেল, মাংসসহ বিভিন্ন পণ্য কেনা যাবে বলে তারা প্রতিশ্রুতি দিয়েছেন তারা। নির্ধারিত তারিখ অনুযায়ী আজ (সোমবার) সকালে তাদের ফ্যামিলি কার্ডের বিনিময়ে প্রথম কিস্তির পণ্য দেওয়ার কথা ছিল। কিন্তু সকাল পেরিয়ে দুপুর হলেও কার্ড ক্রেতারা পণ্য পাননি। একপর্যায়ে তারা বুঝতে পারেন যে তারা প্রতারণার ফাঁদে পড়েছেন। পরে ভুক্তভোগী নারীরা একত্রিত হয়ে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের নরসিংপুর এলাকার অভিযুক্ত জিলানীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন ও প্রশাসনকে বিষয়টি জানান।

ভুক্তভোগী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, ফ্যামিলি কার্ড দিয়ে আমাদের বলা হয়েছিল সরকারিভাবে আমাদের ফ্যামিলি কার্ডের পণ্য দেওয়া হবে। সকাল ১০টা থেকে আমরা অপেক্ষা করেছি। কিন্তু কেউ আসেনি ও আমাদের ফোন ধরছে না। ফলে এক পর্যায়ে প্রতারণার বিষয়টি আমরা বুঝতে পেরেছি। অভিযুক্ত ওই ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে কি না তা জানতে চাইলে ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু বলেন, রাসেল ওরফে জিলানি বিএনপি দলের কেউ না। ওই ব্যক্তি যদি কোন প্রতারণা করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন বলেন, এ ঘটনার তথ্য পাওয়ার পর তাদের দুই জনকে আটক করা হয়েছে। তাদেরকে তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত করে তাদেরকে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, এই ঘটনার অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত শেষে বিস্তারিত বলা সম্ভব হবে।