প্রচ্ছদ জাতীয় বিএনপিতে যোগ দিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

বিএনপিতে যোগ দিয়েও রক্ষা পেলেন না আ.লীগ নেতা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পরমেশ্বরদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মাতুব্বর (৬৬) বিএনপিতে যোগদান করেও রক্ষা পেলেন না। তাকে আটক করেছে যৌথবাহিনী।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাকে আটক করা হয়। তিনি ময়েনদিয়া বাজার এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ইউনিয়ন পরিষদে অনুপস্থিত ছিলেন। তিনি গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কয়েক দিন আগে গত ১৪ জানুয়ারি বিএনপিতে যোগদান করেন। মান্নান মাতুব্বরের বিরুদ্ধে নির্বাচনপরবর্তী সময়ে উপজেলার ময়েনদিয়া বাজার এলাকায় আধিপত্য বিস্তার করে সহিংসতার নেতৃত্ব প্রদানের অভিযোগ রয়েছে। তাকে আটকের পর বোয়ালমারী থানা হেফাজতে রাখা হয়েছে।

পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের ৩ নাম্বার ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পলিন্স সেক বলেন, আব্দুল মান্নান মাতুব্বর বেশ কয়েক মাস ধরে ইউনিয়ন পরিষদ ও এলাকায় আসেন না।

পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রানী বেগম বলেন, আব্দুল মান্নান মাতুব্বর প্রায় ১৮ মাস ধরে ইউনিয়ন পরিষদে আসেন না। পরে সব মেম্বারদের নিয়ে রেজুলেশন করে আমাকে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়। এরপর থেকে আমি ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করে আসছি। মান্নান মাতুব্বর আজ আটক হয়েছেন বলে জানতে পেরেছি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী, বোয়ালমারী, আলফাডাঙ্গা সার্কেল) আজম খান বলেন, ময়েনদিয়া বাজার এলাকায় মান্নান মাতুব্বর গ্রুপ ও জিহাদ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বাড়িঘর ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে। সোমবার দুপুরে মান্নান মাতুব্বরকে আটক করা হয়েছে। বিশৃঙ্খলার সঙ্গে যারা জড়িত তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম রকিবুল হাসান বলেন, ওই ইউনিয়ন পরিষদের একজন মেম্বার প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। মান্নান মাতুব্বর আটক হলেও ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হবে না।