
ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সবশেষ উপদেষ্টা পরিষদে প্রধান উপদেষ্টাসহ ২১ জন সদস্য দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে চারজন ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার ৪ বিশেষ সহকারী রয়েছেন। তবে নতুন সরকার গঠনের পর বিভিন্ন পেশা থেকে আসা এই ব্যক্তিরা কে কী করবেন, তা নিয়ে চলছে নানা গুঞ্জন। এর মধ্যে ‘বিশ্বস্ত সূত্রে’ কয়েকজনের তথ্য জানা গেছে।
ড. মুহাম্মদ ইউনূস : শেষ বৈঠকের পর সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দায়িত্ব শেষে অধ্যাপক ইউনূস অবসর নেবেন না। তিনি আগের মতো সামাজিক ব্যবসা, ক্ষুদ্রঋণ ও ‘থ্রি জিরো’ ভিশন নিয়ে দেশ-বিদেশে কাজ ও বক্তব্য অব্যাহত রাখবেন। দারিদ্র্য বিমোচন ও পরিবেশ ইস্যুতেও সক্রিয় থাকবেন।
আসিফ নজরুল : তিনি নিজেই জানিয়েছেন, নতুন মন্ত্রিসভায় থাকার প্রশ্নই আসে না। দায়িত্ব শেষে তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরবেন এবং গবেষণা-লেখালেখিতে মন দেবেন।
আলী ইমাম মজুমদার : দায়িত্ব শেষে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমে সম্পৃক্ত থাকবেন। আগের মতো কলাম লেখালেখিও করবেন।
সালেহউদ্দিন আহমেদ : আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন।
তৌহিদ হোসেন : আনুষ্ঠানিক বিদায়ের পর কিছুদিন বিশ্রাম নেবেন। পরে লেখালেখিতে ফিরতে চান।
মুহাম্মদ ফাওজুল কবির খান : রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় মনোযোগ দেবেন।
সৈয়দা রিজওয়ানা হাসান : তিনি ১৮ ফেব্রুয়ারি থেকে আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে যোগ দেবেন।
শারমীন এস মুরশিদ : তিনি ‘ব্রতী’তে ফিরে মানবাধিকার ও জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত নারীদের নিয়ে কাজ করবেন।
এদিকে, সংশ্লিষ্ট তথ্যমতে, রোববার (১৫ ফেব্রুয়ারি) উপদেষ্টা পরিষদের শেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) অনেক উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দপ্তর থেকে বিদায় নিয়েছেন। রোববারই তারা সচিবালয়ে নিজ নিজ দপ্তরে শেষ কর্মব্যস্ত সময় কাটান, মতবিনিময় করেন এবং সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নতুন মন্ত্রিসভার শপথের মধ্য দিয়ে উপদেষ্টাদের দেড় বছরের শাসনকাল শেষ হবে। শপথ অনুষ্ঠানে উপদেষ্টারা জাতীয় পতাকাবাহী গাড়িতে যাবেন; তবে অনুষ্ঠান শেষে ফেরার সময় গাড়িতে আর পতাকা থাকবে না।
সূত্র : কালবেলা









































