প্রচ্ছদ জাতীয় নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ, আগামী কর্মসূচি কী?

নতুন ঘোষণা দিয়ে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ, আগামী কর্মসূচি কী?

পুলিশের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের পর ইনকিলাব মঞ্চের কর্মীরা নতুন ঘোষণা দেওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ ছাড়েন। এই সময় সংগঠনটির একজন নেতা, সদস্য সচিব জাবেরের নির্দেশনা অনুযায়ী, কর্মীদের ঘরে ফিরে যাওয়ার আহ্বান জানান।

তিনি জানান, ইনকিলাব মঞ্চ আগামীকাল নতুন কর্মসূচি ঘোষণা করবে এবং সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এ সময় ডাকসুর দুই নেতা এবি জুবাইর ও মুসাদ্দেক আলীও উপস্থিত ছিলেন।

এর আগে ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে একটি পোস্টে বলা হয়, “লীগ অ্যাক্টিভ হয়েছে। তারা সাধারণ জনতার সঙ্গে মিশে পরিস্থিতি অন্য দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে আন্দোলন এবং নির্বাচন বানচালের চেষ্টা চলছে। আপনাদের সবাইকে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা হলো।”

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়। সংঘর্ষ থেমে থেমে কয়েক দফায় ঘটে।

দুপুরের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শহীদ হাদির হত্যার তদন্ত এবং জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ও টিয়ার গ্যাস ব্যবহার করে।

হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে নেতাকর্মীরা যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন। বিকেল ৩টা ৫০ মিনিটে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনার দিকে রওনা হন। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। ছত্রভঙ্গ হয়ে আন্দোলনকারীরা বাংলামোটর মোড়ে অবস্থান নিতে গেলে সেখানে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।