প্রচ্ছদ জাতীয় চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা

চাকরি হারালেন ইসির দুই কর্মকর্তা

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা দিতে গিয়ে ঘুষ গ্রহণ ও ঘুষ দাবির অভিযোগে চাকরি হারিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) দুই কর্মকর্তা। গত মঙ্গলবার ফরিদপুরের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান ও গত বুধবার কুমিল্লার অতিরিক্ত আঞ্চলিক কর্মকর্তা শুধাংসু কুমার সাহাকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ, তিনি এনআইডির জন্মতারিখ সংশোধনের জন্য আবেদনকারীকে শুনানিতে ডেকে ২ লাখ টাকা ঘুষ দাবি করেন। দর-কষাকষির মাধ্যমে ১ লাখ ৭০ হাজার টাকা নির্ধারণের অভিযোগ প্রমাণিত হয়। ঘুষ না পাওয়ায় তিনি আবেদনটি বাতিল করেন বলেও অভিযোগ ওঠে। অভিযোগের অডিও রেকর্ড ফরেনসিক পরীক্ষায় প্রমাণিত হয়।

অন্যদিকে শুধাংসু কুমার সাহা এনআইডি সেবা দিতে অবৈধ অর্থ গ্রহণের সময় গণমাধ্যমকর্মীর কাছে ভিডিও ধারণে ধরা পড়েন। পরে ভিডিও প্রকাশ না করার শর্তে তিনি ওই গণমাধ্যমকর্মীকে ২৯ হাজার টাকা ঘুষ দেন। বিভাগীয় তদন্তে ওই অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও চাকরি থেকে অপসারণ করা হয়।