
‘দেশ নায়ক তারেক রহমান আবারও আওয়ামী লীগকে রাজনীতির সুযোগ দিয়ে দেবেন। এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে।… যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দেবেন।’
যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রশীদ আহমাদকে সম্প্রতি এমনটাই বলতে শোনা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই এ নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা।
খোঁজ নিয়ে জানা গেছে, বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রশীদ আহমাদ প্রার্থী সম্প্রতি হিন্দু অধ্যুষিত উপজেলার ভবদহ এলাকায় নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেন। বক্তব্যের একপর্যায়ে সেখানে তিনি এসব কথা বলেছেন।
স্থানীয় নেতাকর্মীরা জানান, যশোর-৫ ধানের শীষ প্রতীকের প্রার্থী রশিদ আহমাদ মূলত জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব ছিলেন। তিনি বিএনপির শরীক দল হিসাবে দলীয় মনোনয়ন পেয়েছেন। মনোনয়ন পাওয়ার পর জমিয়তে উলামায়ে ইসলাম থেকে পদত্যাগ করে বিএনপির প্রাথমিক সদস্য হয়ে ধানের শীষের প্রতীকে ওই আসনে নির্বাচন করছেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক আমির ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী প্রয়াত মুফতি মো. ওয়াক্কাসের ছেলে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রশীদ আহমাদকে বলতে দেখা যায়, এই এলাকার অধিকাংশ মানুষ আওয়ামী লীগ করে। তারেক রহমানের পিতা মরহুম জিয়াউর রহমান যখন ক্ষমতায় এসেছিলেন; নিষিদ্ধ যতো রাজনৈতিক দল ছিল, সবগুলো তিনি চালু করেছিলেন। আমরা আশা করি দেশ নায়ক তারেক রহমান যদি ক্ষমতায় আসেন, আওয়ামী লীগকে পুনরায় রাজনীতি করার সুযোগ দেবেন। এই এলাকার মানুষ যারা আওয়ামী লীগ করে, যে যার আদর্শ মতাদর্শে রাজনীতি করে তারা তাদের আদর্শে রাজনীতি করবে। যেহেতু এবার আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ নাই, আপনারা ধানের শীষকে ভোট দিবেন।’
বক্তব্যের বিষয়ে জানতে চাইলে মনিরামপুর আসনের ধানের শীষের প্রার্থীর রশীদ আহমাদ বলেন, ‘আমার ওই বক্তব্যটি ছিল নিরপরাধ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য। বিএনপি ও দেশনায়েক তারেক রহমান প্রতিহিংসার রাজনীতি পছন্দ করেন না। সেটার উদাহরণ হিসাবেই বক্তব্যটি দিয়েছি। ওটা নিয়ে আমার প্রতিপক্ষরা ভোটের মাঠে ভিন্ন কৌশল অবলম্বন করছে।’









































