
জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট পর্যবেক্ষণের জন্য অন্তত ১৬ দেশ ৫৭ জন নির্বাচন পর্যবেক্ষক পাঠাতে বাংলাদেশের আমন্ত্রণ গ্রহণ করেছে।
এই দ্বিপাক্ষিক পর্যবেক্ষকদের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), কমনওয়েলথ এবং গণতান্ত্রিক শাসন ও মানবাধিকার উন্নয়নে কাজ করা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কয়েক শত আন্তর্জাতিক পর্যবেক্ষক নির্বাচনে অংশ নেবেন।
দ্বিপাক্ষিক পর্যবেক্ষক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ১৪ জন পর্যবেক্ষক পাঠাবে মালয়েশিয়া। এর পরেই রয়েছে তুরস্ক, যারা ১২ জন পর্যবেক্ষক পাঠাচ্ছে। মালয়েশিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দেশটির নির্বাচন কমিশনের চেয়ারম্যান দাতো শ্রী রামলান বিন দাতো হারুন। তুরস্কের প্রতিনিধি দলে রয়েছেন দেশটির সংসদ সদস্যরা। এতে নেতৃত্ব দেবেন বাংলাদেশের সাবেক তুর্কি রাষ্ট্রদূত মেহমেত ভাকুর এরকুল।
এ ছাড়া যেসব দেশ নির্বাচন পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে সেগুলো হলো—ইন্দোনেশিয়া (৫), জাপান (৪), পাকিস্তান (৩), ভুটান (২), মালদ্বীপ (২), শ্রীলঙ্কা (১), ফিলিপাইন (২), জর্ডান (২), ইরান (১), জর্জিয়া (২), রাশিয়া (২), কিরগিজস্তান (২), উজবেকিস্তান (১) এবং দক্ষিণ আফ্রিকা (২)।
উল্লেখযোগ্য পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ জালাল সিকান্দার সুলতান এবং ভুটানের প্রধান নির্বাচন কমিশনার ডেকি পেমা।











































