
জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) মুখপাত্র আল রাশেদ প্রধান জানিয়েছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী পদে বসবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় ১১ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় তিনি এ কথা জানান।
রাশেদ প্রধান বলেন, “একাত্তর থেকে ২০২৬ পর্যন্ত বহু নেতা, বহু দল ও বহু সরকার দেখেছি। এবার আমরা চাই ঐক্যবদ্ধ বাংলাদেশ। এবার আমরা চাই দাঁড়িপাল্লার বিজয়। আমাদের নতুন প্রধানমন্ত্রী হবে ডা. শফিকুর রহমান।”তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও বলেন, “নতুন প্রধানমন্ত্রী আপনারা পছন্দ করেছেন? আপনারা গ্রহণ করেছেন? ইনশাআল্লাহ মহান রব্বুল আলামিনও গ্রহণ করেছেন। ১২ তারিখের পর আমাদের নতুন প্রধানমন্ত্রীর নাম হবে ডা. শফিকুর রহমান।”
জাগপা মুখপাত্র জানিয়েছেন, “আমাদের মানবিক নেতাকে ১১ দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী করা হবে বলে সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জয় পেতে কমপক্ষে ১৫১টি আসন প্রয়োজন। কুষ্টিয়ার চারটি আসনের সবটিতে আমরা বিজয় নিশ্চিত করব। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করবে।”









































