
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনীত মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন বিদ্যুৎস্পর্শে মারা গেছেন।
বুধবার (২১ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটলেও বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিহতের জামাতা ডা. হিমেল।
মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাকরাজান ইউনিয়নে। তিনি পরিবারসহ ঘাটাইল পৌরসভার কলেজ রোড এলাকায় স্থায়ীভাবে বসবাস করতেন। তিনি ঘাটাইল উপজেলার হামিদপুর ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। ইসলামী শিক্ষায় সুদক্ষ এই আলেম একাধারে মুহাদ্দিস ও প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ হিসেবে পরিচিত ছিলেন।
ডা. হিমেল জানান, বুধবার রাতের কোনো এক সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের একটি ফসলি ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। বুধবার সন্ধ্যার পর থেকে সারারাত তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করা হলেও সংযোগ বন্ধ পাওয়া যাচ্ছিল।
স্থানীয় সূত্র জানায়, নিহতের বসতবাড়ির পাশে নিজস্ব একটি ফসলি ক্ষেতে বিদ্যুৎচালিত সেচযন্ত্রে তড়িতায়িত হয়ে তিনি রাতের কোনো এক সময়ে মারা যান। পরে বৃহস্পতিবার সকালে ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মুফতি মোহাম্মদ নাসির উদ্দিনের আকস্মিক মৃত্যুতে ঘাটাইলের আলেম সমাজ, রাজনৈতিক অঙ্গন এবং তার ভক্ত ও অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জমিয়তে উলামায়ে ইসলাম, বিএনপিসহ বিভিন্ন ইসলামী ও রাজনৈতিক সংগঠন গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।
পারিবারিক সূত্র জানায়, বৃহস্পতিবার আসরের নামাজের পর কাকরাজান এলাকায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল–৩ (ঘাটাইল) আসনে জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী ছিলেন মুফতি মোহাম্মদ নাসির উদ্দিন। পরবর্তীতে সংগঠনটি বিএনপির সঙ্গে জোটবদ্ধ হলে তিনি নিজের প্রার্থিতা প্রত্যাহার করে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওবায়দুল হক নাসিরকে সমর্থন জানান।








































