প্রচ্ছদ হেড লাইন হাসনাত আবদুল্লাহকে সমর্থনে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

হাসনাত আবদুল্লাহকে সমর্থনে আরেক প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের সমর্থনে কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হাফেজ মাওলানা মোফাজ্জাল হোসেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ১১টায় দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি মু. সাইফুল ইসলাম শহীদ, জেলা মজলিসে শূরা সদস্য ভিপি গোলাম মোস্তফা সরকার, খেলাফত মজলিসের জেলা পূর্ব সহসাংগঠনিক সম্পাদক মুফতি জামসেদ হুসাইন হাবিবী, উপজেলা সভাপতি মাওলানা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল আমীন, প্রচার সম্পাদক হাফেজ ক্বারী আবদুল কাইয়ুম এবং জাতীয় যুব শক্তির উপজেলা নেতা মুহতাদির যারিফ সিক্ত।

এর আগে আসন সমঝোতার অংশ হিসেবে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসন থেকে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ। গত ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক পোস্টে তিনি এ সিদ্ধান্ত জানান। তিনি বলেন, “কেন্দ্রীয় জামায়াতের সিদ্ধান্ত অনুযায়ী বৃহত্তর রাজনৈতিক লক্ষ্য ও ঐক্যের স্বার্থে আমি হাসনাত আবদুল্লাহর জন্য আসন ছেড়ে দিয়েছি। আমরা দেশ, মানুষ ও দ্বীন প্রতিষ্ঠার জন্য রাজনীতি করি এবং দলীয় যে কোনো সিদ্ধান্ত আমরা অক্ষরে অক্ষরে মানি।”

জানা গেছে, জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের অন্য এক শরিক দল খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমানও শিগগিরই প্রার্থিতা প্রত্যাহারের প্রস্তুতি নিচ্ছেন।