প্রচ্ছদ জাতীয় আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

আজমিরীগঞ্জে ১৪৪ ধারা জারি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে রাসেল মিয়া (৪৫) নামে একজন নিহতের ঘটনায় এই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে আজমিরীগঞ্জ উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিম এই আদেশ জারি করেন।

উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম স্বাক্ষরিত আদেশে মঙ্গলবার দুপুর ১টা থেকে পরদিন বুধবার (১০ ডিসেম্বর) দুপুর একটা পর্যন্ত সংঘর্ষের এলাকায় এই আদেশ বলবৎ থাকবে বলে উল্লেখ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাকাইলছেওর কুমেদপুরের হান্নান মিয়ার লোকজন ও সরকার হাটীর আল কোরান সওদাগরের লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার (৮ ডিসেম্বর) সন্ধ্যায় কাকাইলছেও বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয় এবং বেশ কয়েকটি দোকান ভাঙ্গচুর ও লুটপাট করা হয়।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে পরদিন মঙ্গলবার সকালে। আনুমানিক সকাল আটটার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে রাসেল মিয়া গুরুতর আহত হন। স্বজনরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই ঘণ্টার এই সংঘর্ষে নারী-পুরুষসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন বলেন, বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম রেজাউল করিম জানান, এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে আদেশ জারি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে এই আদেশের সময়সীমা বৃদ্ধি করা হতে পারে।

সূত্র : চ্যানেল২৪