প্রচ্ছদ হেড লাইন আল্লাহর পরে আদালতকে সম্মান করি

আল্লাহর পরে আদালতকে সম্মান করি

ক্ষমা চেয়ে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি পেয়েছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমান। ট্রাইব্যুনালে শুনানিকালে বিএনপির এই নেতা বলেন, আল্লাহর পরে আদালতকে সম্মান করি।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগের ব্যাখ্যা দিতে সোমবার বেলা ১১টার দিকে ট্রাইব্যুনালে হাজির হন ফজলুর রহমান।

তার সঙ্গে ছিলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ বেশ কয়েকজন।

এদিন ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে শুনানি হয়।

ট্রাইব্যুনালে ফজলুর রহমানের পক্ষে প্রথমে শুনানি করেন আইনজীবী রুহুল কুদ্দুস। এরপর আদালত ফজলুর রহমানকে ডাকেন।
এ সময় আদালতকে ফজলুর রহমান বলেন, টকশোতে যা বলেছি, তা ছিল স্লিপ অব টাং। আল্লাহর পরে আদালতকে সম্মান করি। আমি নিঃশর্ত ক্ষমা চাই।

এর পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল তাকে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।